বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বুড়িচং থানার উদ্যোগে উপজেলার ৪৩টি পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর বিকেল ৪টায় বুড়িচং থানার হল রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান। সভা সঞ্চালনা করেন থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল হক। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরজিত বড়ুয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফয়েজ আহমেদ, থানার সেকেন্ড অফিসার রাকিবুল হাসান, উপপরিদর্শক (এসআই) পলাশ ও এসআই লিটন। এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্যে বক্তব্য দেন শম্ভু রঞ্জন চৌধুরী, বিরাজ কুমার ভট্টাচার্য, অ্যাডভোকেট কিংকর দেবনাথ, মধুসূদন বিশ্বাস, সেন্টু ঘোষ, স্বপন সাহা ও শ্যামল সামন্ত। সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পূজামণ্ডপের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ