ময়মনসিংহ হতে সিলেটে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের বাস সার্ভিস উদ্বোধন

ময়মনসিংহ হতে সিলেটে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের বাস সার্ভিস উদ্বোধন
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য-সদস্যা, আত্মীয়-স্বজন ও তাদের পরিবারবর্গের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্য ও সাশ্রয়ী যানবাহন সেবা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের বাস সার্ভিস দেশের বিভিন্ন জেলায় সফল ভাবে চলমান রয়েছে। বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের যানবাহন ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নীতিমালা-২০২৫ এর আলোকে এই সেবা পরিচালিত হচ্ছে। এই মহতী উদ্যোগের ফলে বাহিনীর সদস্যরা প্রচলিত ভাড়ার তুলনায় ৩০% কম ভাড়ায় যাতায়াতের সুযোগ পাচ্ছেন, যা নিঃসন্দেহে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর একটি প্রশংসনীয় ও দূরদর্শী পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় ২১ জানুয়ারি বুধবার সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে সিলেট অভিমুখে আনসার ওয়েলফেয়ার ট্রান্সপোর্ট সার্ভিসের ফিরতি বাস যাত্রা শুরু করে। ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিচালক কামরুন্নার পারভীন আনুষ্ঠানিক ভাবে যাত্রার উদ্বোধন করেন। এ সময় তিনি বাস সার্ভিস কর্মসূচির সাফল্য কামনায় দোয়া ও মোনাজাতে অংশ গ্রহণ করেন। ময়মনসিংহ-সিলেট রুটে জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০০ টাকা, যা প্রচলিত ভাড়ার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এই বাস সার্ভিস আরও সম্প্রসারণ করা হবে।সাশ্রয়ী ভাড়া, পরিবারের সদস্যদের অংশগ্রহণের সুযোগ এবং নিয়মিত ও নিরাপদ যাতায়াত সুবিধা সব মিলিয়ে এই উদ্যোগ বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় বাহিনীর জেলা কমান্ড্যান্ট, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, ব্যাটালিয়ান পরিচালক, আনসার ব্যাটালিয়ান সদস্য, বাহিনীর অন্য কর্মকর্তা, কর্মচারী, ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, নানা শ্রেণির মানুষ ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান