প্রধান শিক্ষককে হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রধান শিক্ষককে হামলার প্রতিবাদে মানববন্ধন
ছবিঃ মোঃ হৃদয় হোসেন

দৈনিক বিজয় নিউজ রাজাপুর প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর উত্তমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব মো. মাইনুল হোসেন তালুকদারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৮/০১/২০২৬ ইং তারিখে রাতে পরিকল্পিতভাবে প্রধান শিক্ষক মো. মাইনুল হোসেন তালুকদারের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়, যা ন্যক্কারজনক ও দুঃখজনক। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, শিক্ষাঙ্গনে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কখনোই মেনে নেওয়া হবে না। শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষা ব্যবস্থাও হুমকির মুখে পড়বে। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

.দৈনিক বিজয় নিউজ/ মোঃ হৃদয় হোসেন