রংপুর-০৪ আসনে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
“সবাই মিলে ঐক্য করি, সমৃদ্ধ পীরগাছা–কাউনিয়া গড়ি” এই স্লোগানকে সামনে রেখে রংপুর-০৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পীরগাছা উপজেলার দেউতি বাজার এলাকায় এক বিশাল জনসভায় তিনি লাঙ্গল মার্কার এই ইশতেহার তুলে ধরেন। ইশতেহার ঘোষণার আগে একটি বর্ণাঢ্য র্যালি দেউতি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জনসভায় মাহবুবার রহমান বলেন, “আমি আপনাদের শাসক নই, সেবক হতে চাই। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির উন্নয়ন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই হবে আমার প্রধান লক্ষ্য।” মাহবুবার রহমানের ইশতেহারে পীরগাছা ও কাউনিয়ার উন্নয়নের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, তিস্তা নদীতে নতুন রেল সেতু নির্মাণ এবং দুই উপজেলায় আধুনিক রেলস্টেশন স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া বেকার নারীদের কর্মসংস্থান, ভূমিহীনদের মাঝে খাস জমি বণ্টন এবং বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও আবাসন সুবিধা বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে।
তিনি আরও অঙ্গীকার করেন যে, পীরগাছা-কাউনিয়াকে মাদকমুক্ত করতে যুব সমাজকে খেলাধুলা ও সংস্কৃতিমুখী করা হবে। কৃষি খাতের উন্নয়নে এগ্রোবেজ শিল্প কারখানা, আলু গবেষণা কেন্দ্র এবং পর্যাপ্ত কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। দুর্গম এলাকার রাস্তাঘাট পাকাকরণ, হাট-বাজারের উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির প্রসারেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইশতেহারে। সবশেষে তিনি প্রশাসন ও পুলিশকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করার পাশাপাশি সন্ত্রাস, দুর্নীতি ও ভূমিদস্যুতা কঠোর হাতে দমনের ঘোষণা দেন। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান