ইসলামের জন্য একমাত্র ভোটের বাক্স হল ইসলামী আন্দোলন বাংলাদেশ – রেজাউল করীম।

বরিশালের মেহেন্দীগঞ্জের মুক্তিযোদ্ধা পার্কে

ইসলামের জন্য একমাত্র ভোটের বাক্স হল ইসলামী আন্দোলন বাংলাদেশ – রেজাউল করীম।
ছবিঃ সংগ্রহীত ( মোঃ নাঈম আহমেদ )

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “বাংলাদেশে ইসলামের পক্ষে ভোটের একমাত্র বাক্স হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ।”

সোমবার সন্ধ্যায় বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের দলীয় প্রার্থী সৈয়দ এছহাক মো. আবুল খায়েরের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মেহেন্দীগঞ্জ উপজেলা সদরের মুক্তিযোদ্ধা পার্কে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

রেজাউল করীম বলেন, “এক দলের আমির আমাকে বলেছিলেন, মেহেন্দীগঞ্জে তাদের ভোটের ডিব্বা (বাক্স) আছে। কিন্তু আজকের এই সমাবেশ দেখে বুঝলাম, সেই ডিব্বা খালি নাকি ভরা। আর কেউ নিজেকে ইসলামের পক্ষের একমাত্র বাক্স দাবি করলে, তা গ্রহণযোগ্য নয়। বিশেষ করে নতুন তরুণ ভোটারদের কাছে আমার আহ্বান, তোমরা জীবনের প্রথম ভোটটি ইসলামের পক্ষে দেবে—এই শপথ আজ নিতে হবে।”

১৯৮৭ সালে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার কথা স্মরণ করে তিনি বলেন, “আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। করলে অনেক আগেই এমপি-মন্ত্রী হতে পারতাম। আমি কখনো নির্বাচনে প্রার্থী হইনি, কিন্তু সারা দেশ ঘুরেছি ইসলামি হুকুমত ও সোনার বাংলাদেশ গড়তে। আমরা চাই বাংলাদেশ ইনসাফ ও কল্যাণের রাষ্ট্র হোক, যেখানে কোনো বৈষম্য, সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য বা টাকা পাচার থাকবে না। সকল ধর্ম-মতের মানুষ সমমর্যাদায় বাঁচবে।”

বিশেষ অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, “১৯৭১ সালে মানুষ যে সাম্য, মর্যাদা ও শান্তির দেশের জন্য রক্ত দিয়েছিল, স্বাধীনতার ৫৪ বছর পরও তা বাস্তবায়িত হয়নি। নেতা বদলেছে, কিন্তু ন্যায় প্রতিষ্ঠা হয়নি। অনেক নেতা কুকুর-বিড়াল নিয়ে ছবি তুলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু একজন কুলি বা মজুরের কাঁধে হাত রেখে ছবি তুলতে লজ্জা পান। এ থেকেই বোঝা যায়, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হয়নি।”

তিনি জামায়াতের সমালোচনা করে বলেন, “কেউ যদি জামায়াতকে ইসলামি দল হিসেবে ভোট দিতে চায়, আমার তাতে আপত্তি আছে। যাদের ইশতেহারে ইসলামের কথা নেই, যারা শরিয়াহ কায়েমের কথা বলে না, তারা ইসলামের নামে ভোট নিতে পারে না। জামায়াত আগে ‘আল্লাহর আইন চাই’ বলত, তাদের নীতি ভুল। তারা বলে ধীরে ধীরে ইসলাম প্রতিষ্ঠা করবে—এটা শুভংকরের ফাঁকি। সংসদে দাঁড়িয়ে ইসলামের পক্ষে কথা বললে তারা টিকতে পারবে না।”

সমাবেশে দলীয় প্রার্থী সৈয়দ এছহাক মো. আবুল খায়ের ও স্থানীয় নেতারাও বক্তব্য দেন। শেষে মুফতি রেজাউল করীম প্রার্থীর হাতে দলের প্রতীক ‘হাতপাখা’ তুলে দেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ