রাজশাহী-১ আসনে ধানের শীষ প্রতীকে ভোট দিলেন মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীন
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীন সকাল ৯টা ৩ মিনিটে নিজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করেছেন। বৃহস্পতিবার (নির্বাচনের দিন) সকাল ৯টা ৩ মিনিটে গোদাগাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডের কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তিনি ধানের শীষ প্রতীকে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দীন বলেন, তিনি একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন। একই সঙ্গে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সর্বস্তরের জনগণের প্রতি শান্তিপূর্ণ পরিবেশে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি আরও বলেন, জনগণের অংশগ্রহণই গণতন্ত্রের মূল শক্তি। তাই সবাইকে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। এদিকে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও প্রশাসনের নজরদারিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন