রাজশাহী পবা ও মোহনপুরে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক নির্ধারণে এলজিইডির কর্মশালা, উন্নয়নের নতুন রূপরেখা প্রণয়নের উদ্যোগ

রাজশাহী পবা ও মোহনপুরে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক নির্ধারণে এলজিইডির কর্মশালা, উন্নয়নের নতুন রূপরেখা প্রণয়নের উদ্যোগ
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক, টেকসই ও জনবান্ধব করার লক্ষ্যে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) প্রকল্পের আওতায় “গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), রাজশাহীর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, উন্নয়ন বিশেষজ্ঞ এবং স্থানীয় অংশীজনরা অংশগ্রহণ করেন। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সহযোগিতায় বাস্তবায়িত এই উদ্যোগের লক্ষ্য হলো আধুনিক জিআইএস প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণ সড়ক উন্নয়নের একটি দীর্ঘমেয়াদি ও কার্যকর মাস্টারপ্ল্যান প্রণয়ন করা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি রাজশাহী বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মলয় কুমার চক্রবর্তী। তিনি বলেন, “গ্রামীণ সড়ক নেটওয়ার্ক উন্নত হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তাই পরিকল্পিত উন্নয়নের জন্য তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের বিকল্প নেই।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মোস্তাক আহমাদ। তিনি বলেন, জিআইএস প্রযুক্তিনির্ভর পরিকল্পনা গ্রামীণ সড়ক উন্নয়নে স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি করবে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সঠিক অগ্রাধিকার নির্ধারণে সহায়তা করবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় জনগণের মতামত, মাঠপর্যায়ের বাস্তবতা এবং প্রযুক্তিগত বিশ্লেষণের সমন্বয়ে একটি যুগোপযোগী সড়ক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হবে, যা ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় জিআইএস স্পেশালিস্ট এ এস এম আলভি রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি জিআইএস প্রযুক্তির মাধ্যমে সড়ক নেটওয়ার্ক বিশ্লেষণ, কোর রোড নেটওয়ার্ক চিহ্নিতকরণ, যোগাযোগের ঘাটতি নিরূপণ এবং উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তিনির্ভর এই পরিকল্পনার মাধ্যমে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে অধিক জনগোষ্ঠীকে উন্নত সড়ক সুবিধার আওতায় আনা সম্ভব হবে। কর্মশালায় অংশগ্রহণকারীরা পবা ও মোহনপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ সড়কের বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উল্লেখ্য, এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর সহযোগিতায় বাস্তবায়িত গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড (BETS)। সংশ্লিষ্টদের মতে, এই কর্মশালার সুপারিশ ও মতামতের ভিত্তিতে প্রণীত মাস্টারপ্ল্যান ভবিষ্যতে পবা ও মোহনপুর উপজেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন