কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন

কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন
ছবিঃ আতিকুর রহমান

দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ লাইন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সকালে পীরগাছা উপজেলার কয়েকটি কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখা যায়, শীত উপেক্ষা করে সকাল থেকেই নারীরা কেন্দ্রে এসে ভিড় জমিয়েছেন। ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারদের উপস্থিতি থাকলেও নারীদের দীর্ঘ সারির তুলনায় তা ছিল কিছুটা কম। সাধারণ নারী ভোটাররা জানান, সুন্দর পরিবেশে নিজের ভোট দিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।

এদিকে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মাহবুবার রহমান সকাল ৮টার দিকে ফকিরটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই আসনে মাহবুবার রহমান ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এমদাদুল হক ভরসা, ইসলামী আন্দোলনের জাহিদ হোসেন, এনসিপির আখতার হোসেন, বাসদ (মার্কসবাদী) প্রার্থী প্রগতি বর্মন তমা, বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমার। এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং সাধারণ ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

রংপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, রংপুর-৪ আসনে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন। এর মধ্যে পীরগাছা উপজেলায় ২ লাখ ৯৫ হাজার ৫৫৪ জন এবং কাউনিয়া উপজেলায় ২ লাখ ১৪ হাজার ৩৫২ জন ভোটার রয়েছেন। লিঙ্গভিত্তিক ভোটার পরিসংখ্যানে দেখা গেছে, এ আসনে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারদের চেয়ে বেশি। যেখানে নারী ভোটার ২ লাখ ৫৯ হাজার ১১৩ জন, সেখানে পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৭৮৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। এই বিশাল নির্বাচনী এলাকায় মোট ১৬৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান