পীরগাছায় ট্রাকচাপায় যুবকের মৃত্যু
দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছায় ট্রাকচাপায় মোকছেদ আলী (৪০) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ব্রাহ্মনীকুন্ডা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোকছেদ আলী উপজেলার ধাপগাছ এলাকার আমজাদ হোসেনের ছেলে। তিনি স্থানীয় দামুরচাকলা দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মোকছেদ আলী টিউশনি শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে ব্রাহ্মনীকুন্ডা বাজারের কাছে নয়াদিঘীর পাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা আলুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক কৌশলে পালিয়ে যায়। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান