চিরিরবন্দরে আহাদ কোচের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত, আহত ৫!

চিরিরবন্দরে আহাদ কোচের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত, আহত ৫!
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর চিরিরবন্দরে যাত্রীবাহী বাসের ধাক্কায় স্কুলশিক্ষার্থী বহনকারী একটি অটোভ্যান দুমড়ে-মুচড়ে ছিন্নভিন্ন হয়ে গেছে।এতে মোল্লা ইসলামিক প্রি-ক্যাডেট স্কুলের কেজি শ্রেণির এক শিক্ষার্থী নিহত এবং পাঁচজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে চিরিরবন্দর উপজেলার আমতলী সিএন্ডবি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আহাদ পরিবহনের একটি কোচ দিনাজপুর শহরের দিকে যাচ্ছিল। পথে আমতলী ব্রিজ এলাকায় শিক্ষার্থীদের বহনকারী একটি অটোভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোল্লা স্কুলের কেজি ক্লাসের ছাত্র জুনায়েদ হাসান (৬) নিহত হয়। নিহত শিশু জুনায়েদ পলাশডাঙ্গী গ্রামের জুয়েল ইসলামের ছেলে।

দুর্ঘটনায় আহত পাঁচ শিক্ষার্থীর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে স্পিড ব্রেকার তৈরির আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান