নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত বেড়ে ৫

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত বেড়ে ৫
ছবিঃ উজ্জ্বল রায়

দৈনিক বিজয় নিউজ নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের দুই সাবেক ইউপি চেয়ারম্যান খায়ের মোল্যা গ্রুপ এবং উজ্জ্বল শেখ গ্রুপের মধ্যে সংঘর্ষে বাবা-ছেলেসহ উভয় পক্ষের নিহতের সংখ্যা ৫ জনে গিয়ে দাঁড়িয়েছে। এছাড়া অন্তত ৭-৮ জন আহতের খবর পাওয়া গেছে।উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, উপজেলার বড়কুলা গ্রামের উজ্জ্বল শেখ গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন একই গ্রুপের ফেরদৌস হোসেন এবং তার ছেলে মুন্না শেখ এবং সাবেক চেয়ারম্যান খায়ের মোল্যা গ্রুপের ওসিবুর মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান খায়ের মোল্যা ও উজ্জ্বল শেখের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এর জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই উজ্জ্বল শেখে গ্রুপের রহমান খলিল, তার ছেলে তাহাজ্জুদ হোসেন ও পক্ষীয় ফেরদৌস হোসেন মারা যান। এসময় গুরুতর আহত অপর পক্ষের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুরকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে দুপুরের দিকে এ ঘটনায় উজ্জ্বল শেখ পক্ষের আহত মুন্না শেখ নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল রায়