বরিশাল আদালতে হট্টগোল ও ভাঙচুর: ৯ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি
এজলাসে হট্টগোল
দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক বরিশালঃ
বরিশালে আদালত কক্ষে প্রবেশ করে হট্টগোল, বিচারকের আসনে ধাক্কাধাক্কি ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ ৯ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ রুল দেন। রুলে আগামী ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
যাদের বিরুদ্ধে এই রুল জারি করা হয়েছে তারা হলেন:
-
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন
-
সাধারণ সম্পাদক মির্জা রিয়াজুল ইসলাম
-
জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ
-
মহানগর পিপি নাজিম উদ্দিন পান্না
-
আইনজীবী মহসিন মন্টু
-
মিজানুর রহমান
-
আব্দুল মালেক
-
সাঈদ
-
হাফিজ খান বাবু
আদালতের রুলে কেন তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গঠন ও শাস্তির ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পরবর্তী শুনানির জন্য ১১ মার্চ তারিখ ধার্য করেছেন আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান। তিনি জানান, বরিশালের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২৪ ফেব্রুয়ারি আদালত কক্ষে ভাঙচুরের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর আবেদন করেন। সেই আবেদন ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত এই রুল জারি করেন।
এ ঘটনায় সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এজলাস চলাকালে একদল আইনজীবী হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তারা আদালত কক্ষে বেঞ্চ ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করেন এবং বিচারকের প্রতি আক্রমণাত্মক আচরণ করেন। একপর্যায়ে বিচারক এজলাস মুলতবি দিয়ে খাস কামরায় চলে যেতে বাধ্য হন।
পরে সংশ্লিষ্ট আইনজীবীরা বিচারকের অপসারণ দাবি করে আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন, যা বিচার কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতিমধ্যে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী বাদী হয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ও দণ্ডবিধির কয়েকটি ধারায় মামলা করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা ওই বিজ্ঞপ্তিতে বিচার বিভাগের মর্যাদা ও স্বাধীনতা রক্ষা এবং আদালতের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি সংযম, দায়িত্বশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ ই