সাতক্ষীরায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

সাতক্ষীরায় ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন
ছবিঃ ইসমাইল হোসেন

দৈনিক বিজয় নিউজ সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার তালা উপজেলায় নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাতের আঁধারে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার রাত আনুমানিক একটার দিকে উপজেলার রাইস মিল মোড় এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয়রা সময়মতো আগুন দেখে ফেলায় দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও পাটকেলঘাটা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার জানান, দুর্বৃত্তরা কার্যালয়ে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে দলীয় অফিসের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির জানান, আগুনে কয়েকটি চেয়ার পুড়লেও ঘটনাস্থল থেকে একটি খালি পেট্রলের বোতল উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক বিজয় নিউজ/ ইসমাইল হোসেন