বাহরাইনে ইরানের হামলায় বাংলাদেশি নিহত

বাহরাইনে ইরানের হামলায় বাংলাদেশি নিহত
ছবিঃ ই

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবুল মহসিন ওরফে তারেক (৫২)। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। স্থানীয় সময় গতকাল রোববার রাত সাড়ে তিনটার দিকে এ হামলার ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত আবুল মহসিন বাহরাইনের রাজধানী মানামার আরসি ড্রাইডক নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ওই প্রতিষ্ঠানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন।

নিহতের শ্যালক রিয়াজ উদ্দিন জানান, বাংলাদেশ সময় আজ সোমবার সকাল ছয়টার দিকে আবুল মহসিনের মৃত্যুর খবর পরিবারের সদস্যরা জানতে পারেন। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

আবুল মহসিন ২০০৯ সালে বাহরাইনে যান। তিনি এক কন্যাসন্তানের বাবা। বর্তমানে তার পরিবারের সদস্যরা চট্টগ্রাম নগরে বসবাস করছেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের এক প্রবাসী নিহত হওয়ার খবর বিভিন্ন মাধ্যমে জেনেছেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান। বাহরাইনসহ যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলো হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।

এর আগে সংযুক্ত আরব আমিরাতেও ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত হন। গত শনিবার রাতে দুবাইয়ের আজমান শহরে ইরানের বোমা হামলায় সালেহ আহমদ নামের ওই বাংলাদেশি নিহত হন।

দৈনিক বিজয় নিউজ/ ই