বুড়িচং উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের উদ্যোগে এতিম পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বুড়িচং উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের উদ্যোগে এতিম পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
ছবিঃ মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের উদ্যোগে এতিম ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে বুড়িচং উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণে এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন মাদরাসায় অধ্যয়নরত ৫৫ জন এতিম শিক্ষার্থী ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের সভাপতি মো. তানভীর হোসেন।

এ সময় তিনি বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায়, এতিম ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সবাই যদি এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসে, তাহলে সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হবে। তিনি ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. রাসেল সারওয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, মসজিদ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন এতিমখানা ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে এতিম ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এতে এলাকার এতিম শিক্ষার্থী ও দুস্থ পরিবারগুলো উপকৃত হয় এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ