মাদকের বিরুদ্ধে পোস্ট করায় দৈনিক বিজয় নিউজের সাংবাদিক নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায়
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
মাদকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় দৈনিক বিজয় নিউজের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ নাজিমুল ইসলাম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। জানা যায়, গতকাল রাতে সাংবাদিক নাজিমুল ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মাদকের বিরুদ্ধে একটি পোস্ট করেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন যে, ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাটিগাড়া ও কেয়ারীগাঁও এলাকায় মাদকের ছড়াছড়ি চলছে এবং এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না। তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, আজ সকালে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি সাংবাদিক নাজিমুল ইসলামের বাবার কাছে গিয়ে তার বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলেন এবং বিভিন্নভাবে হুমকি প্রদান করেন। এ ঘটনায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।
সাংবাদিক নাজিমুল ইসলাম বলেন, সমাজ থেকে মাদক নির্মূলের স্বার্থে তিনি ফেসবুকে বিষয়টি তুলে ধরেছেন। এতে কেউ ক্ষুব্ধ হয়ে এ ধরনের আচরণ করলে তা দুঃখজনক। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এদিকে স্থানীয় সচেতন মহল মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়া একজন সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম