ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হঠাৎ বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ভুট্টার ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হঠাৎ বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ভুট্টার ব্যাপক ক্ষতি, বিপাকে কৃষক
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

হঠাৎ বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ভুট্টা চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। গত দুই দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি ও দমকা বাতাস বয়ে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন ভুট্টা চাষিরা। পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, ঝড়ো হাওয়ার কারণে অনেক ভুট্টা গাছ মাটিতে পড়ে গেছে। এছাড়া নিচু জমিগুলোতে বৃষ্টির পানি জমে থাকায় ফসলের ক্ষতির আশঙ্কা আরও বেড়েছে। এতে করে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। অপরদিকে বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন আলু চাষিরাও। অনেক কৃষক সময়মতো আলু তুলতে পারছেন না। ইতোমধ্যে বাজারে আলুর দাম কম থাকায় লোকসানের মুখে রয়েছেন তারা। তার ওপর বৃষ্টির কারণে জমিতে থাকা আলু নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা কৃষকদের লোকসান আরও বাড়িয়ে দিতে পারে। পীরগঞ্জ উপজেলার কৃষক আলমগীর বলেন, “এ বছর আমি দুই বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। এতে প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু ঝড়ো হাওয়ায় আমার প্রায় সব ভুট্টার গাছ মাটিতে পড়ে গেছে। এখন মনে হচ্ছে এক টাকাও খরচ তুলতে পারব না।” স্থানীয় কৃষকরা ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন। তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা না পেলে অনেকেই বড় ধরনের আর্থিক সংকটে পড়বেন।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম