চরতারাপুরের মানুষের মুখে এত বছর পরও ফেরদৌস আলম খান গেদামনির নাম, আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকাবাসী
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
সময়ের ব্যবধান পেরিয়ে গেলেও পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের মানুষের হৃদয়ে এখনো অমলিন সাবেক চেয়ারম্যান ফেরদৌস আলম খান গেদামনির নাম। দীর্ঘদিন দায়িত্বে না থাকলেও তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ভাটা পড়েনি। অতীতের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সামাজিক শান্তি প্রতিষ্ঠা, ন্যায়বিচার, সততা এবং মানুষের বিপদে পাশে দাঁড়ানোর ভূমিকার কারণে তাকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান এলাকাবাসীর একটি বৃহৎ অংশ। স্থানীয়দের মতে, ১৯৮৬ সালে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার উদ্যোগে ইউনিয়নের প্রায় ৯০ শতাংশ এলাকায় রাস্তা নির্মাণ করা হয়। একসময় জমির আইল ও হালোট নির্ভর যোগাযোগ ব্যবস্থায় আসে উল্লেখযোগ্য পরিবর্তন। পাশাপাশি সামাজিক বিরোধ নিরসন, চুরি-ডাকাতি, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে অবস্থান নিয়ে এলাকায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন তিনি। চরতারাপুরের বেড়িবাঁধ নির্মাণ, গভীর নলকূপ স্থাপন, কৃষি সম্প্রসারণ, প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ও কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগেও তাঁর অবদান রয়েছে বলে জানান স্থানীয়রা। সালিশ-দরবারে নিরপেক্ষ বিচার এবং সবার সঙ্গে অমায়িক আচরণ তাঁর প্রতি মানুষের আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
চেয়ারম্যানের দায়িত্বে না থেকেও জনকল্যাণ মূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন ফেরদৌস আলম খান গেদামনি। তিনি গত কয়েক বছরে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান ও অসচ্ছল পরিবারের জন্য ৬২টি টিউবওয়েল স্থাপন এবং কয়েকটি সাবমারসিবল পাম্পের ব্যবস্থা করেছেন। অসচ্ছল মানুষের কর্মসংস্থানে ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও চক্ষু শিবিরের মাধ্যমে প্রায় শত জন দরিদ্র মানুষের চোখের অস্ত্রোপচার ও লেন্স সংযোজনের ব্যবস্থা করেছেন। এ ছাড়া খান ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিবছর দরিদ্রদের শীতবস্ত্র ও ঈদ উপহার বিতরণ, অসচ্ছল মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা এবং শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধেও তাঁর পরিবারের রয়েছে গৌরবোজ্জ্বল অবদান। পরিবারের পাঁচ ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তাদের বড় ভাই ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম ছিলেন একজন সাব-সেক্টর কমান্ডার। স্থানীয়দের দেওয়া তথ্যমতে, প্রায় ১১ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন ফেরদৌস আলম খান গেদামনি। দায়িত্বে থাকাকালে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির পরিবর্তে জনকল্যাণে সম্পদ ব্যয় করেছেন বলে তার সমর্থকদের দাবি। এলাকাবাসীর প্রত্যাশা, অতীত অভিজ্ঞতা, উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের দক্ষতা এবং মানুষের সঙ্গে সুসম্পর্ক কাজে লাগিয়ে তিনি আবারও চরতারাপুরের উন্নয়নে ভূমিকা রাখবেন। তাদের মতে, জনপ্রতিনিধির পদ সাময়িক হলেও মানুষের কল্যাণে করা কাজ ও অর্জিত ভালোবাসা দীর্ঘস্থায়ী। আর সে কারণেই এত বছর পরও চরতারাপুরের মানুষের মুখে মুখে ফিরছে গেদামনির নাম।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান