তিতাস নদী রক্ষায় হোমনার ওয়াই ব্রিজে গ্রীন ভয়েসের ‘৫ কিলো ফান রান’ ও পুরস্কার বিতরণ
দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় তিতাস নদী রক্ষার দাবিতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে এক ব্যতিক্রমী '৫ কিলো ফান রান' প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২২ মার্চ) সকালে উপজেলার ঐতিহ্যবাহী ওয়াই ব্রিজে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়। পরিবেশবাদী যুব সংগঠন 'গ্রীন ভয়েস'-এর আয়োজনে এবং সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক হুমায়ুন কবির সুমন-এর তত্ত্বাবধানে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। 'গ্রীন ভয়েস রানার্স'-এর ব্যানারে আয়োজিত এই দৌড় প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, তিতাস নদী এই অঞ্চলের প্রাণ এবং ঐতিহ্যের প্রতীক। কিন্তু ক্রমবর্ধমান দখল ও দূষণে নদীটি আজ অস্তিত্ব সংকটে পড়েছে। তিতাসকে বাঁচাতে এবং পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে সোচ্চার ও সচেতন করতেই এই ফান রানের আয়োজন করা হয়েছে। দৌড় শেষে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সমাপনী বক্তব্যে হুমায়ুন কবির সুমন বলেন, নদী বাঁচলে দেশ বাঁচবে। তিতাস নদীকে দূষণমুক্ত ও আগের রূপে ফিরিয়ে আনতে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। অনুষ্ঠানে গ্রীন ভয়েসের স্থানীয় নেতৃবৃন্দ, পরিবেশকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ