নাইক্ষ্যংছড়ির বাইশারীতে সিএনজি ভাড়া বৃদ্ধি, ভোগান্তিতে সাধারণ যাত্রী

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে সিএনজি ভাড়া বৃদ্ধি, ভোগান্তিতে সাধারণ যাত্রী
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় সিএনজি অটোরিকশার ভাড়া হঠাৎ বৃদ্ধি পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও রোগীরা। অভিযোগ উঠেছে, ঈদ বা কোরবানির সময় ছাড়াও সামান্য তেল ও গ্যাসের দাম বাড়লেই ইচ্ছামতো ভাড়া বাড়িয়ে নিচ্ছেন চালকরা। স্থানীয় সূত্রে জানা যায়, বাইশারী-ঈদাগাঁও ১৭ কিলোমিটার সড়কে বর্তমানে সিএনজি ভাড়া ৮০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। একইভাবে বাইশারী-গর্জনীয়া ১২ কিলোমিটার সড়কে ভাড়া নেওয়া হচ্ছে ৭০ টাকা। এছাড়াও যাত্রীদের সাথে অতিরিক্ত কোনো বোঝা থাকলে আলাদা করে ভাড়া দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

ভুক্তভোগী কয়েকজন যাত্রী জানান, হঠাৎ করেই ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের কথা কেউ শুনছে না। বিশেষ করে অসুস্থ রোগীদের নিয়ে যাতায়াতে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। অন্যদিকে সিএনজি চালকরা দাবি করেছেন, গ্যাস ও অকটেনের দাম বৃদ্ধির কারণেই তারা ভাড়া বাড়াতে বাধ্য হয়েছেন। তাদের মতে, আগের ভাড়ায় গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। এদিকে এলাকাবাসীর অভিযোগ, সিএনজি ভাড়া নিয়ন্ত্রণে কোনো ধরনের তদারকি বা প্রশাসনিক অভিযান নেই। ফলে চালকরা সুযোগ বুঝে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা, যাতে ভাড়া নির্ধারণ করে যাত্রীদের ভোগান্তি কমানো যায়।এবং বাইশারী-ঈদগাঁও এবং বাইশারী-গর্জনীয়া সড়কের এই অরাজকতা বন্ধে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। তাদের দাবি, নির্ধারিত ভাড়া চার্ট করে দেওয়া হোক এবং অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি