ঠাকুরগাঁওয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল
দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য। রবিবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জেলা সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন আহমেদ, সদর উপজেলা আমীর মিজানুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, জাতীয় নির্বাচনের অংশ হিসেবে গণভোট অনুষ্ঠিত হয়ে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলেও বর্তমান সরকার এখনো সেই রায় বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। তারা আরও বলেন, সংসদে গণভোট সংশ্লিষ্ট বিল পাস করা হচ্ছে না এবং জুলাই সনদের গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের চেষ্টা চলছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাইয়ের আহত ও শহীদদের আত্মত্যাগের সঙ্গে কোনো ধরনের বেঈমানি করা হলে জনগণ তা মেনে নেবে না। দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তারা জানান। সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম