শ্রীপুরে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানিমূলক ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা জমির হোসেন। রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার টেপিরবাড়ি গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার প্রতিবেশী কবির হোসেন ফেসবুকে তার ছবি ব্যবহার করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। পাশাপাশি জমি সংক্রান্ত বিরোধের কথা উল্লেখ করে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি। জমির হোসেন বলেন, “এসব অপপ্রচারের মাধ্যমে আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। আমি হৃদরোগে আক্রান্ত একজন মানুষ—এ ধরনের মিথ্যা প্রচারণা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এ কারণে যদি আমার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এর জন্য কবির হোসেন দায়ী থাকবে।” তিনি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে একই এলাকার বাসিন্দা, মৃত রহম আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক অভিযোগ করেন, প্রায় ১২ বছর আগে জমি সংক্রান্ত বিরোধ মীমাংসা হলেও সম্প্রতি কবির হোসেন তার ১০টি গাছ কেটে নিয়েছেন এবং জমি দখলের চেষ্টা করছেন। এছাড়া তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি পরিবারসহ আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে জানান। আরেক ভুক্তভোগী এবাদুল ইসলাম মফিজুল অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর কবির হোসেন সরকারি রাস্তা থেকে ইট সরিয়ে নিয়ে সেটি দখল করেছেন এবং পাশের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ায় তাকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এতে তিনি পরিবারসহ নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে জমির হোসেনের ছেলে এবং শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রনি তার বাবার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো অপপ্রচারের নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সংবাদ সম্মেলন থেকে বক্তারা অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধ এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন