শফিপুর আনসার কর্মকর্তাদের জন্য প্রথমবারের মতো নেতৃত্ব ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তাদের নেতৃত্ব, কমান্ড ও ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ১৪ দিনব্যাপী একটি বিশেষায়িত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ভিডিপি একাডেমিতে শনিবার এ কোর্সের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। প্রথম বারের মতো চালু হওয়া এ কোর্সকে বাহিনীর অফিসারদের নেতৃত্ব বিকাশ, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আধুনিক ব্যবস্থাপনা সক্ষমতা অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। উদ্বোধনী বক্তব্যে মহাপরিচালক প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, অধীনস্থ সদস্যদের কার্যকরভাবে নেতৃত্ব দিতে হলে তাদের সব ধরনের কার্যক্রমে সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, একজন নেতার উচিত নিজের আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে অধীনস্থদের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা। নৈতিকতা ও মূল্যবোধ ভিত্তিক নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বিভিন্ন নেতৃত্ব দর্শন তুলে ধরেন। প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তারা নেতৃত্ব, কমান্ড ও আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের পাশাপাশি অভিজ্ঞ বক্তাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগ ভবিষ্যতে বাহিনীর কর্মকর্তাদের আরও দক্ষ, দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে উন্নীত করতে সহায়ক হবে। অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, এনডিসি, পিএসসি-সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের ধারাবাহিকতার মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও আধুনিক, সক্ষম ও জনসেবামুখী বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করা হচ্ছে।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান