হোমনায় তদন্তের নামে বৃদ্ধাকে ছাদে তুলে জিজ্ঞাসাবাদ।। ভিডিও ভাইরালে সমালোচনার ঝড়
দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় তদন্তের নামে ৭৮ বছর বয়সী এক বৃদ্ধাকে থানার ছাদে নিয়ে জিজ্ঞাসাবাদের অভিযোগ উঠেছে হোমনা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) তাপস কুমার সরকারের বিরুদ্ধে। গত ৪ মে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, উপজেলার শ্রীমদ্দি গ্রামের মো. শহিদ উল্লাহর স্ত্রী শামসুল নেছা (৭৮) পারিবারিক বিরোধজনিত মারামারির ঘটনায় গত ২ মে হোমনা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই তাপস কুমার সরকার তাকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
এ সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বৃদ্ধা অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছেন। এ সময় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে হাতে সিগারেট নিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে দেখা যায় এবং বলতে শোনা যায়, মামলা করে কী করবেন, আপনিই তো ঘটনাটি বাড়িয়েছেন। সামাজিকভাবে মিটমাট করে ফেলেন। কোর্টের বারান্দায় গেলে থাকবে না। এমন বক্তব্য জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। ভুক্তভোগী বৃদ্ধার অভিযোগ, তাকে থানার ছাদে ডেকে নিয়ে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করা হয় এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কাছ থেকে এমন আচরণে তিনি ভীতসন্ত্রস্ত বলেও জানান।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত এসআই তাপস কুমার সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া জানান, ভিডিওটি তার নজরে এসেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ