নওগাঁয় বাসচালককে মারধর ও কাউন্টারে হামলা: দূরপাল্লার বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তি
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় এক দূরপাল্লার বাসচালককে মারধর এবং কাউন্টার ভাঙচুরের চেষ্টার প্রতিবাদে ঢাকা, বগুড়া, চট্টগ্রাম ও সিলেটসহ সব রুটের দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টার পর থেকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ওপর ব্যারিকেড দিয়ে এই অবরোধ সৃষ্টি করা হয়। কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। পরিবহন শ্রমিকরা জানান, গত রাত আনুমানিক দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ‘একতা পরিবহন’-এর একটি বাস নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। বাসটির চালক যাত্রী নামিয়ে দিয়ে গাড়িটি ঘোরানোর সময় স্থানীয় একটি চায়ের দোকানে বসে থাকা কয়েকজন যুবক কোনো কারণ ছাড়াই চালকের ওপর চড়াও হন এবং তাঁকে মারধর করেন। পরবর্তীতে বাসটি কাউন্টারে ফিরে আসলে ওই যুবকেরা সেখানে গিয়েও কাউন্টার ভাঙচুরের চেষ্টা চালান। এই ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। হঠাৎ পরিবহন ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন শত শত যাত্রী। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামগামী জরুরি যাত্রীরা বাসস্ট্যান্ডে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ফিরে যাচ্ছেন। অনেকে বিকল্প উপায়ে ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। বাস মালিক ও শ্রমিক নেতারা জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বাস চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতাদের জরুরি বৈঠক চলছে। সমাধান এলেই দ্রুত বাস চলাচল শুরু হবে।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার