ইরানে মার্কিন সামরিক হামলা
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
ইরানের গোরুক ও কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, দ্বীপ দুটিতে অবস্থিত ইরানের রাডার স্থাপনা ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। সংস্থাটি দাবি করেছে, রোববার ইরানের প্রতিরক্ষা বাহিনী একটি মার্কিন এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করে। এর জবাব হিসেবে গোরুক ও কেশম দ্বীপের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে।
মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী, হামলায় ইরানের একটি এয়ার ডিফেন্স সিস্টেম, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি ওয়ান-ওয়ে অ্যাটাক ড্রোন ধ্বংস হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এমন সময়ে এই হামলার ঘটনা ঘটল, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তি নিয়ে আলোচনা আবারও গতি পেয়েছে। ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিনের উত্তেজনার জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। টানা ৪০ দিনের সংঘাতের পর ৭ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা দেয় ওয়াশিংটন, যা এখনও কার্যকর রয়েছে।
তবে যুদ্ধবিরতির মধ্যেও দুই দেশের মধ্যে উত্তেজনা পুরোপুরি থামেনি। গত সপ্তাহে হরমুজ প্রণালিতে একটি মার্কিন পতাকাবাহী তেলবাহী জাহাজের দিকে ইরান ড্রোন নিক্ষেপ করলে এর প্রতিক্রিয়ায় বন্দর আব্বাসে অবস্থিত একটি ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালায় মার্কিন বাহিনী। এর পাল্টা জবাব হিসেবে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
সূত্র: এএফপি