প্যারিসের প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের প্রবেশে নিষেধাজ্ঞা ফ্রান্সের
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রদর্শনী ‘ইউরোসেটরি’তে ইসরায়েলি সরকারি প্রতিনিধিদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স। একই সঙ্গে দেশটির অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর ওপরও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সোমবার (১ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফরাসি কর্তৃপক্ষ ইসরায়েলি সরকারি কর্মকর্তাদের প্রদর্শনীতে অংশগ্রহণের অনুমতি দেয়নি। পাশাপাশি ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে কোনো ধরনের আক্রমণাত্মক অস্ত্র বা সামরিক সরঞ্জাম প্রদর্শনের সুযোগ দেওয়া হবে না। তারা কেবল বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাসংক্রান্ত পণ্য প্রদর্শন করতে পারবে।
ফ্রান্সের এই পদক্ষেপ এমন এক সময়ে এলো, যখন মাত্র এক সপ্তাহ আগে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের ফ্রান্সে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আটক ফ্লোটিলা কর্মীদের চোখ ও হাত বাঁধা অবস্থায় মেঝেতে বসিয়ে রাখা হয়েছে। ভিডিওতে বেন-গভিরকে তাদের পাশে দাঁড়িয়ে উল্লাস করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
এর আগেও গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ২০২৪ সালের ইউরোসেটরি প্রদর্শনীতে ইসরায়েলের অংশগ্রহণ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছিল ফ্রান্স। পরে জানানো হয়, ইসরায়েলি কোম্পানিগুলো শুধুমাত্র বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাবিষয়ক প্রযুক্তি ও সরঞ্জাম প্রদর্শন করতে পারবে। তবে এ সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
বিশ্বের অন্যতম বৃহৎ স্থল ও এয়ার-ল্যান্ড প্রতিরক্ষা প্রদর্শনী হিসেবে পরিচিত ইউরোসেটরিতে ইসরায়েলের মতো একটি বড় অস্ত্র রপ্তানিকারক দেশের উপস্থিতি সীমিত করার সিদ্ধান্ত আন্তর্জাতিক প্রতিরক্ষা ও ভূরাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলে বিশ্লেষকদের ধারণা।