বিয়েতে উপহার হিসেবে চোরাই গরু, এলাকায় চাঞ্চল্য!

বিয়েতে উপহার হিসেবে চোরাই গরু, এলাকায় চাঞ্চল্য!
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

কক্সবাজারের রামু উপজেলার গর্জনীয়া ইউনিয়নের উত্তর থংগাকাটা শিয়াপাড়া ৩ নম্বর ওয়ার্ডে একটি বিয়ের অনুষ্ঠানে চোরাই গরু উপহার দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর থংগাকাটা শিয়াপাড়ার বাসিন্দা আবদুল সালামের ছেলে মিজান ওরফে বাপ্পির বিয়ের অনুষ্ঠানে আবদুল সালামের মেয়ের জামাই হেলাল একটি গরু উপহার দেন। পরে স্থানীয়দের মধ্যে গরুটি চোরাই বলে খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয় বিএনপির সভাপতি আবদুল করিম বান্টু, সাধারণ সম্পাদক আবুল কালাম, জামায়াতের সাবেক সভাপতি বাবুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. হাসেম, সাবের আহমদ, নুরুল বসরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিকভাবে বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে উভয় পক্ষকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিয়ের অনুষ্ঠানে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে লিখিত মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি গরুটির মূল্য ৬০ হাজার টাকা নির্ধারণ করে আবদুল সালামের স্ত্রীকে ওই অর্থ পরিশোধের সিদ্ধান্ত দেওয়া হয়। এলাকাবাসী জানান, অভিযুক্ত হেলালকে আটক করে উপযুক্ত শাস্তির জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে গরুর মালিক মো. ইলিয়াস, পিতা মৃত রসিদ আহমদ, অভিযোগ করে বলেন, গত ৩ মে রাতে আমার গোয়ালঘর থেকে গরুটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি গরুটি একটি বিয়ের অনুষ্ঠানে উপহার হিসেবে দেওয়া হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। তবে এ ঘটনায় অভিযুক্ত হেলালের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি