নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অব্যাহতভাবে মাদক পাচারের ঘটনায় উদ্বেগ বাড়ছে। ইয়াবা পাচারে নারী, শিশু ও যুবকদের ব্যবহার করা হলেও অধিকাংশ ক্ষেত্রে মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। তবে সাম্প্রতিক সময়ে সীমান্তে নজরদারি ও অভিযান জোরদার করায় একের পর এক ইয়াবার চালান এবং পাচারকারীরা ধরা পড়ছে। এরই ধারাবাহিকতায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে।
শনিবার (৬ জুন) সকাল ১০টার দিকে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবিরের নির্দেশনায় আদর্শগ্রাম চেকপোস্টে যানবাহন তল্লাশির সময় মাহমুদা খাতুন (৬২) নামে এক নারীকে আটক করা হয়। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের শাহ মোহাম্মদ এলাকার মৃত নুরুল হকের স্ত্রী। বিজিবি সূত্র জানায়, তল্লাশিকালে মাহমুদা খাতুনের কাছ থেকে দুই কার্টনে রাখা আনুমানিক ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।
এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি