রাজশাহী বোয়ালিয়া থানার নতুন ওসিকে রাজশাহী প্রেসক্লাবের শুভেচ্ছা
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব। দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (২৩ জুন) রাতে বোয়ালিয়া মডেল থানায় গিয়ে প্রেসক্লাবের একটি প্রতিনিধিদল তাকে শুভেচ্ছা জানায় এবং সৌজন্য সাক্ষাৎ করে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ফয়জুল করিম স্বাক্ষরিত সাম্প্রতিক বদলি আদেশে এয়ারপোর্ট থানার ওসি মাছুমা মুস্তারীকে বোয়ালিয়া মডেল থানায় পদায়ন করা হয়। এর মধ্য দিয়ে রাজশাহী মহানগরের অন্যতম গুরুত্বপূর্ণ এ থানায় প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তা ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে শাহমখদুম ও এয়ারপোর্ট থানায় দায়িত্ব পালনকালে তিনি দক্ষতা, সততা ও পেশাদারিত্বের জন্য প্রশংসিত হন। মাদকবিরোধী অভিযান, অপরাধ নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জনবান্ধব পুলিশিংয়ে তার ভূমিকা ইতিবাচকভাবে মূল্যায়িত হয়েছে। রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন-এর নির্দেশনায় সহ-সভাপতি শাহরিয়ার অন্তুর নেতৃত্বে শুভেচ্ছা জানাতে যাওয়া প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, কার্যনির্বাহী সদস্য রাজিব আলী সরকার (রাতুল), মো. লিয়াকত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে সাংবাদিক নেতারা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, গুজব প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং বোয়ালিয়া মডেল থানার জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। নবনিযুক্ত ওসি মাছুমা মুস্তারী শুভেচ্ছার জন্য রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “পুলিশ জনগণের বন্ধু। জনগণের সহযোগিতা নিয়েই আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে চাই। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সব ধরনের অপরাধ দমনে আমরা কঠোর থাকব। নারী, শিশু ও অসহায় মানুষের অভিযোগ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক সহযোগিতা অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুভেচ্ছা ও মতবিনিময় শেষে উভয় পক্ষ জনস্বার্থে তথ্য আদান-প্রদান, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে ভবিষ্যতেও একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন