নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন
ছবিঃ মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. শরীফ উদ্দীন। মঙ্গলবার (১৪ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদের স্থলে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীনকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। এ আদেশের অনুলিপি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর চেয়ারম্যান, নেসকোর ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন