বিয়ের প্রলোভনে তরুণীকে আটকে রেখে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত ‘ম্যাংগো লাভার’ মুরাদের বিরুদ্ধে মামলা
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহীর পবা উপজেলায় বিয়ের প্রলোভনে ডেকে এনে এক তরুণীকে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণের চেষ্টা, জিম্মি করে রাখা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী পবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার তেঘর বিশা এলাকার বাসিন্দা মোসা. তারিন আক্তার তানিয়া (২১)-এর সঙ্গে ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা মো. শেরআলী দুলালের বিয়ের আলোচনা চলছিল। সেই সুবাদে গত ২১ জুলাই বিয়ের কেনাকাটার কথা বলে তানিয়া ও তার ছোট বোনকে রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজার এলাকার একটি অফিসে ডেকে নেওয়া হয়। ভুক্তভোগীর অভিযোগ, অফিসে নেওয়ার পর শেরআলী দুলাল তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। তিনি বাধা দিয়ে বিয়েতে অসম্মতি জানালে অপর অভিযুক্ত মুরাদ পারভেজ, যিনি এলাকায় ‘ম্যাংগো লাভার মুরাদ’ নামে পরিচিত, তাকে জোরপূর্বক আটকে রেখে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার ছোট বোনকেও একই কক্ষে আটকে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, দুই বোনের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদেরও আটকে রাখার চেষ্টা করা হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী ও তার স্বজনদের উদ্ধার করে। ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার পর অভিযুক্তরা মামলা বা আইনি ব্যবস্থা নিলে প্রাণনাশের হুমকিও দিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়ে পবা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন