প্রেমের সম্পর্কে সন্তান জন্ম দিয়ে হাসপাতালে ফেলে পালালেন মা!

প্রেমের সম্পর্কে সন্তান জন্ম দিয়ে হাসপাতালে ফেলে পালালেন মা!
ছবি : সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

​কুমিল্লার দেবিদ্বারে প্রেমের সম্পর্কের জেরে এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হাসপাতালে সন্তান প্রসবের পর নবজাতকটিকে কথিত প্রেমিকের কোলে রেখেই পালিয়ে গেছেন প্রসূতি মা। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ​রোববার (২০ সেপ্টেম্বর) সকালে এক নারী কুমিল্লার দেবিদ্বার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে আসার সময় ওই নারী ও তার সঙ্গে থাকা মো. মমিন নিজেদের আসল পরিচয় দেননি। তারা নিজেদের ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকার বাসিন্দা বলে পরিচয় দিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর বিকেলে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি সন্তান জন্ম দেন ওই নারী। ​কিন্তু সন্তান প্রসবের পরই শুরু হয় রহস্যজনক আচরণ। প্রত্যক্ষদর্শী শাহ আলম জানান, সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ওই প্রসূতিকে হাসপাতালের বিভিন্ন মানুষের কাছে নবজাতকটিকে দিয়ে দেওয়ার এবং বিক্রির চেষ্টা করতে দেখা যায়। একপর্যায়ে বিকেল ৪টার দিকে নবজাতককে কথিত বাবা মো. মমিনের কোলে রেখে তিনি হাসপাতাল থেকে পালিয়ে যান। ​নবজাতকের কথিত পিতার ভাই জানান, ওই নারী ও মো. মমিনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। পরিবার এই সম্পর্ক মেনে না নিলেও তারা তা বজায় রাখেন এবং একপর্যায়ে ওই নারী গর্ভবতী হন। এদিকে ঘটনার পর রাতেই পুলিশ মো. মমিনকে আটক করে। বর্তমানে নবজাতকটি দেবিদ্বার স্কয়ার হাসপাতালেই রয়েছে এবং শিশুটির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। ​এ বিষয়ে দেবিদ্বার উপজেলা সমাজসেবা কর্মকর্তা নোমান হোসাইন বলেন, “শিশু আইন, ২০১৩ অনুযায়ী পরিবারের কেউ যদি শিশুটিকে নিতে চান, তাহলে নিয়ম মেনে পরিবারের কাছে দেওয়া হবে। আর পরিবার যদি শিশুটিকে নিতে না চায়, তাহলে আমরা শিশুটিকে সরকারি হেফাজতে নেব।” ​মা সন্তানকে ফেলে কেন পালিয়ে গেলেন এবং এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ