নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণ: বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন!

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণ: বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন!
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে আব্দুল করিম (২৫) নামে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত আব্দুল করিম নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মকতুল হোসেনের ছেলে। সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকা থেকে প্রায় ১০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে গরবিটা এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাটি বর্তমানে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন 'আউং থা পায়া' (Aung Tha Paya) পোস্টের দায়িত্বপূর্ণ এলাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল করিমসহ চারজন যুবক নিয়মিতই মিয়ানমারের অভ্যন্তরে যাতায়াত করতেন। ঘটনার দিনও তারা সীমান্ত অতিক্রম করে ওপারে যাওয়ার পর হঠাৎ একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে আব্দুল করিম গুরুতর আহত হন এবং তার সঙ্গে থাকা অন্য তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে সীমান্তে নজরদারি অব্যাহত রয়েছে। নাইক্ষ্যংছড়ি থানা এলাকার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মো. কামাল মিয়া বলেন, আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। আহত যুবককে দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসানের বক্তব্য সংগ্রহের চেষ্টা চললেও তা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিয়ানমার সীমান্ত এলাকায় পূর্বে পুঁতে রাখা কোনো স্থলমাইনে পা পড়ার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি