মানিকগঞ্জে হারুনুর রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

মানিকগঞ্জে হারুনুর রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

শিল্পোন্নয়ন, শিক্ষা ও জনকল্যাণে অবদানের জন্য সুপরিচিত বরেণ্য রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা মরহুম হারুনুর রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সারা দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়। মরহুম হারুনুর রশীদ এর মানিকগঞ্জের পারিবারিক কবরস্থান সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আরিফুল ইসলাম জিয়া এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম রাসেলের দিক নির্দেশনায় মানিকগঞ্জের পেশাজীবী দলের সদস্যরা এ কর্মসূচিতে অংশ নেয়।

এ ছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মরহুম হারুনুর রশিদ খান মুন্নুর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, দেশের শিল্পায়ন, শিক্ষা বিস্তার এবং জনকল্যাণ মূলক কর্মকাণ্ডে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। রাজনৈতিক অঙ্গনেও তিনি সততা, দক্ষতা ও দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল, মানিকগঞ্জ জেলা শাখার সহ-প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম জানান, মরহুম হারুনুর রশিদ খান মুন্নুর আদর্শ ও কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান