আলমডাঙ্গায় পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন এবং একটি মামলার তদন্তপ্রাপ্ত আসামি মোট পাঁচ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এর মধ্যে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার চারজনকে সামারি ট্রায়াল দ্রুত বিচার আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন , পৌর এলাকার রেজাউল হকের ছেলে মো. রাসেল (২৯) , গোবিন্দপুর ঈদগাহপাড়ার আনসার আলির ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪১) এবং ফরিদপুর উপজেলার দোয়ারপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে মো. তুষার আহম্মেদ (২২) অনুপনগর খালপাড়ার গোলাম মোস্তফার ছেলে সোহেল রানা (২২) মুন্সিগঞ্জ এলাকার মিঠু কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় , আলমডাঙ্গা থানার (এসআই) মো. আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে গোপন খবরের ভিত্তিতে পৌর এলাকার রেলস্টেশনের পূর্ব পাশে গণশৌচাগারের সামনে অভিযান চালান। সেখানে ৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। একই রাতে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের (এসআই) মানিক কুমার শিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে নতিডাঙ্গা বাজার থেকে গোয়ালবাড়ীগামী সড়কে জিয়াউর রহমানের চায়ের দোকানের সামনে অভিযান চালান। সেখান থেকে ৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ অনুপনগর খালপাড়ার গোলাম মোস্তফার ছেলে মো. সোহেল রানা (২২)-কে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে , আলমডাঙ্গা থানার এসআই কুশল প্রসাদ মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে মুন্সিগঞ্জ এলাকা থেকে তদন্তপ্রাপ্ত মামলার আসামি মিঠু মণ্ডলকে গ্রেপ্তার করেন। তিনি কাবিলনগর গ্রামের মৃত আফিজ উদ্দিনের ছেলে। তাঁকে নিয়মিত মামলায় আদালতে পাঠানো হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান , ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার চারজনকে সামারি ট্রায়াল আদালতে তাৎক্ষণিক বিচারের জন্য প্রেরণ করা হয়েছে। আর তদন্তপ্রাপ্ত আসামি মিঠু মণ্ডলকে নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ রানা