এসএসসি তে অকৃতকার্য হওয়ায় আত্মহত্যার চেষ্টা

এসএসসি তে অকৃতকার্য হওয়ায় আত্মহত্যার চেষ্টা
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে মাধবী (১৭) নামের এক স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। সোমবার (১০ আগস্ট) এ ঘটনা ঘটে বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে। মাধবী উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়ন দরবার শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। তিনি মির্জাগঞ্জ ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামের বাসিন্দা জয়দেব সিকদারের মেয়ে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাধবী ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করে। পরীক্ষার ফলাফল প্রকাশের পর সে অকৃতকার্য হওয়ার সংবাদ জানতে পেরে তীব্র মানসিক হতাশায় ভেঙে পড়ে এবং নিজ বাড়িতে বিষ পান করে। বিষয়টি পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ডাক্তার তাৎক্ষনিক তাকে উন্নত চিকিৎসা প্রদান করেন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয় জয়দেব সিকদার বলেন, পরীক্ষার ফল প্রকাশের পর থেকে মাধবী একদম চুপচাপ হয়ে গিয়েছিল। গত বছরও পাস করতে পারেনি, এবার দ্বিতীয়বারের মতো পরীক্ষা দিয়েছিল। কিন্তু আবার অকৃতকার্য হওয়ায় ও যে মানসিকভাবে এতটা ভেঙে পড়বে আর এমন চরম সিদ্ধান্ত নেবে, তা আমরা বুঝতে পারিনি। উক্ত ঘটনার পর আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ডাক্তারের চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি রয়েছে। এখন শারীরিক অবস্থা ভালো।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন