ডিআইজির নির্দেশের পরও অধরা জাহাঙ্গীর রাজশাহীতে মাদকবিরোধী অভিযান চললেও গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহীতে মাদকবিরোধী অভিযান চললেও গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত থাকলেও আলোচিত মাদক মামলার আসামি জাহাঙ্গীর আলম এখনো গ্রেপ্তার না হওয়ায় নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশের অভিযানের পরও তিনি প্রকাশ্যে চলাফেরা করছেন এবং মাদারপুরের বাড়িতেও নিয়মিত আসা-যাওয়া করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গোদাগাড়ী থানাসহ বিভিন্ন থানায় মাদক ও অস্ত্র-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। অতীতে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তারের তথ্যও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তাকে গোদাগাড়ীর তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি হিসেবেও উল্লেখ করা হয়েছে। গত ৩০ জুন গোদাগাড়ী উপজেলা পরিষদে ‘মাদকমুক্ত থানা গড়ার লক্ষ্যে’ মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভায় জাহাঙ্গীরের উপস্থিতি নিয়ে আলোচনা সৃষ্টি হয়। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশের পর তৎকালীন রাজশাহী রেঞ্জের ডিআইজির নজরে আসে। এরপর তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হলে পুলিশের একটি দল মাদারপুরের বাড়িতে অভিযান চালায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই তিনি পেছনের দরজা দিয়ে পালিয়ে যান বলে কর্মকর্তারা জানান।
এরপরও গত ২ আগস্ট রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে পুলিশের উপস্থিতিতে তাকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে—পুলিশের অভিযানের পরও তিনি কীভাবে প্রকাশ্যে চলাফেরা করছেন? এদিকে রাজশাহীতে মাদকসংক্রান্ত বিপুলসংখ্যক মামলা বিচারাধীন রয়েছে। তদন্তে বিলম্ব, সাক্ষীদের অনুপস্থিতি ও দীর্ঘ বিচারপ্রক্রিয়ার কারণে মাদকবিরোধী কার্যক্রমে জটিলতা তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্থানীয় সচেতন মহলের দাবি, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থাকা মামলাগুলো দ্রুত তদন্ত করে তাকে আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তবে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। অভিযোগগুলো তদন্ত ও আদালতের মাধ্যমে প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তাকে দোষী হিসেবে চূড়ান্তভাবে বিবেচনা করা যায় না।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন