বগুড়ায় গাকের উদ্যোগে সাংবাদিকতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
‘সত্য, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর উদ্যোগে দুই দিনব্যাপী ‘সাংবাদিকতায় দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ’ শুরু হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বগুড়ার বনানী এলাকায় গাক টাওয়ার কার্যালয়ে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর প্রশিক্ষণ ও উন্নয়ন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, ব্রডকাস্ট এবং অনলাইন গণমাধ্যমের ৩০ জনের অধিক সাংবাদিক ও গণমাধ্যমকর্মী অংশ গ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণ কার্যক্রমের শুভ আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব মো. আতিকুর রহমান রুমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, ক্যাপস্টোন ফেলো-এনডিসি।অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শফি মাহমুদ বিদ্যুৎ, গাকের সিনিয়র পরিচালক ড. মো. মাহবুব আলম, উপপরিচালক মো. আরমান হোসেন, সহকারী পরিচালক মো. জিয়া উদ্দিন সরদার এবং ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মোহন আখন্দ প্রমূখ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন মো. কবির উদ্দীন। প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক ও সচেতন সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সংবাদ সংগ্রহ, যাচাই, উপস্থাপন ও প্রচারের ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বও বহুগুণ বেড়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় তথ্যের সত্যতা, নিরপেক্ষতা ও পেশাগত নীতিমালা যাতে কোনোভাবেই উপেক্ষিত না হয়, সেদিকে সাংবাদিকদের আরও সচেতন হতে হবে। তারা বলেন,একজন দক্ষ সাংবাদিক শুধু সংবাদ সংগ্রহ ও প্রকাশ করেন না, বরং তিনি তথ্যের সত্যতা যাচাই করেন, বিভিন্ন পক্ষের বক্তব্য নেন এবং পাঠক-দর্শকের কাছে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরেন। ফলে সাংবাদিকতায় পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিকতা, সততা, দায়িত্বশীলতা ও নিরপেক্ষতার চর্চা অপরিহার্য।প্রশিক্ষণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শফি মাহমুদ বিদ্যুৎ এবং বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিকতা পেশার অভিজ্ঞ ব্যক্তিরা অংশ গ্রহণকারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সংবাদ লেখার কৌশল, সংবাদ উপস্থাপন, পেশাগত আচরণ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ফেসিলিটেশন প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করা হয়। বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মোজাম্মেল হোসেন বকুল এবং সহযোগী অধ্যাপক মামুন আব্দুল কাইউম প্রশিক্ষণার্থীদের সাংবাদিকতার পেশাগত মূল্যবোধ, তথ্যভিত্তিক রিপোর্টিং, সংবাদে সততা, দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রশিক্ষণের সেশনগুলোতে তথ্যের উৎস যাচাই, সংবাদে বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা, অনুসন্ধানী ও তথ্যনির্ভর প্রতিবেদন তৈরির কৌশল, সংবাদ লেখার কাঠামো, শিরোনাম নির্বাচন, সাক্ষাৎকার গ্রহণ, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ এবং গণমাধ্যমে দায়িত্বশীলতার মতো বিষয়গুলো গুরুত্ব পায়।একই সঙ্গে ডিজিটাল ও অনলাইন সাংবাদিকতার ক্ষেত্রে তথ্য যাচাই এবং গুজব বা বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে চলার উপরও গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা জানান, বর্তমান সময়ে গণমাধ্যমের পরিসর দ্রুত বিস্তৃত হচ্ছে। প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের পাশাপাশি অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম সংবাদ প্রচারের অন্যতম প্রধান প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সংবাদ যাচাই ও পেশাগত নৈতিকতার বিষয়ে আরও দক্ষ করে তোলার প্রয়োজন রয়েছে। সেই লক্ষ্যেই গাক এ প্রশিক্ষণের আয়োজন করেছে। দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশ গ্রহণকারী সাংবাদিকদের পেশাগত জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ করার পাশাপাশি তথ্যভিত্তিক, সচেতন ও দায়িত্বশীল গণমাধ্যম চর্চা জোরদার হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। গাকের পক্ষ থেকে জানানো হয়, পেশাগত সাংবাদিকতার মানোন্নয়ন, দায়িত্বশীল গণমাধ্যম চর্চা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।একই সঙ্গে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে সমাজে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রবাহ নিশ্চিত করার ক্ষেত্রেও গাক ভূমিকা রাখবে।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান