খেলার ছলে শেষ হাসি: কুমিল্লার বরুড়ায় পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু ১৮ মাসের জমজ বোনের
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
জীবনের রঙিন অধ্যায় শুরু হওয়ার আগেই এক পলকে নিভে গেল দুটি সম্ভাবনাময় প্রাণ। একসঙ্গে জন্ম নেওয়া, একসঙ্গে বেড়ে ওঠা ১৮ মাস বয়সী জমজ শিশু জুনাইরা ও তাসলিমা পাড়ি জমাল না ফেরার দেশে। মঙ্গলবার সকালে কুমিল্লার বরুড়া উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামে বাড়ির পাশের পানিতে ডুবে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের জসিম উদ্দিনের সন্তান। সকালের মিষ্টি রোদে যে বাড়িটি শিশুদের আনন্দময় কলকাকলিতে মুখরিত থাকার কথা ছিল, মুহূর্তের ভুলে সেই বাড়িটিই এখন শোকের মাতমে স্তব্ধ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো পরিবারের সবাই যখন দৈনন্দিন কাজে ব্যস্ত, তখন সবার অগোচরে খেলার ছলে বাড়ির পাশের পানির ধারে চলে যায় অবুঝ শিশু দুটি। মুহূর্তের অসাবধানতা কেড়ে নেয় তাদের অমূল্য জীবন। কিছুক্ষণ পর শিশুদের দেখতে না পেয়ে চারদিকে শুরু হয় হুলুস্থুল ও খোঁজাখুঁজি। একপর্যায়ে বাড়ির পাশের পানিতে তাদের নিথর দেহ ভাসতে দেখতে পান স্বজনরা। দ্রুত তাদের উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। কোমলমতি জমজ শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক প্রস্থানে বাকরুদ্ধ নিহতের পরিবার। শোকে আচ্ছন্ন পুরো কাছিয়াপুকুরিয়া গ্রাম।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ