পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওঃনজরুল ও সেক্রেটারি আবু তাহের
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আলহাজ্ব মাওলানা নজরুল ইসলামকে সভাপতি এবং হাফেজ আবু তাহের মোহাম্মদ আব্দুর রবকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) মনোনীত করে আগামী সেশনের জন্য নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়। গত সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে মির্জাগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের মৃত আলহাজ্ব ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি ইতিপূর্বে সংগঠনের উপজেলা শাখার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সম্মেলনের প্রথম পর্বে বিদায়ী উপজেলা সভাপতি মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ গোলদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা কাজী গোলাম সারোয়ার। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আবুল হাসান বোখারী, হাওলাদার মোহাম্মদ সেলিম মিয়া এবং মাওলানা আর.আই.এম অহিদুজ্জামান। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে আগামী সেশনের জন্য উপজেলা কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- প্রধান উপদেষ্টা- অধ্যাপক মাওলানা আ.ন.ম ইব্রাহিম, সহ-সভাপতি- আলহাজ্ব আব্দুল ওয়াদুদ গোলদার, আলহাজ্ব আবুল কালাম মোল্লা ও মাওলানা জহিরুল ইসলাম মৃধা এবং সদস্য- মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম, আলহাজ্ব মোবারক আলী মৃধা ও আলহাজ্ব জিয়াউর রহমান উজ্জ্বল। ঘোষণার পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলাজুড়ে সংগঠনের হাতকে আরও শক্তিশালী করার এবং যেকোনো জনকল্যাণমূলক কাজে সাধারণ মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে দেশ, জাতি ও সংগঠনের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সফল সমাপ্তি ঘটে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন