গাইবান্ধায় কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু : তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার উদ্যোগ

গাইবান্ধায় কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু : তরুণদের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার উদ্যোগ
ছবিঃ এম এ খালেক

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক পরিচালিত গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় কলেজপড়ুয়া তরুণ-তরুণীদের নিয়ে ১০ দিন মেয়াদি কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে ১৬ সেপ্টেম্বর বুধবার শামিম এন্ড শাকিল কারিগরি কলেজে এ প্রশিক্ষণের প্রথম ধাপ শুরু হয়। এতে কলেজের ৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ সেশনে প্রধান অতিথি হিসেবে পাঠদান এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস।পাঠদানকালে তিনি কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শৃঙ্খলা, দেশপ্রেম, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ গ্রহণ করে তরুণরা কীভাবে নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, সে বিষয়েও তিনি দিক নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. আবু সোলায়মান, সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকাসহ প্রশিক্ষণসংশ্লিষ্ট কর্মকর্তারা। সূত্র জানায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের উদ্যোগে বাহিনীর ইতিহাসে প্রথমবারের মতো কলেজ পর্যায়ে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চালু করা হয়েছে। এ উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রশিক্ষণার্থীরা আগ্রহ ও শৃঙ্খলার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করছেন।সংশ্লিষ্টরা মনে করছেন, কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দক্ষতা, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেমের চেতনায় সমৃদ্ধ করে গড়ে তোলা সম্ভব হবে। এর ফলে ভবিষ্যতে জননিরাপত্তা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে। প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে রংপুর রেঞ্জের উপমহাপরিচালক কলেজ পর্যায়ে এ ধরনের যুগোপযোগী উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান