প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান

প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান
ছবিঃ এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পনেরো সেপ্টেম্বর২০২৬ ইং সকালে জেলা প্রশাসক পাবনা বরাবর পাবনা জেলার স্বীকৃতি প্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন একযোগে এমপিও ভুক্তির জন্য স্মারকলিপি প্রদান করেন। স্মারক লিপিতে উল্লেখ করা হয় যে, বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনা তারেক রহমান স্বীকৃতি প্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাসেরই পুরোপুরি বাস্তবায়ন ও প্রতিফলন দেখতে সারাদেশের অজস্র শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগন প্রতিটি জেলায় জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন।

স্মারক লিপি নিম্নে উপস্থাপন করা হলো মাননীয় প্রধানমন্ত্রী দশমজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা। মাধ্যমঃ মাননীয় জেলা প্রশাসক মহোদয়, পাবনা।

বিষয়ঃ আপনার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির জন্য স্বারকলিপি প্রদান।

মাননীয় প্রধানমন্ত্রী,

যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আপনি নিশ্চয়ই অবগত আছেন বিগত স্বৈরাচার সরকারের সকল ক্ষেত্রে বৈষম্যমূলক নীতি, সীমাহীন দলীয়করণ ও দুর্নীতির কারণে দেশের সকলক্ষেত্রে অরাজকতা বিরাজমান ছিল। এরই ধারাবাহিকতায় সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠান যোগ্যতা থাকা সত্ত্বেও দীর্ঘ দিন ধরে এমপিওভুক্ত হতে পারেনি। ফলে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ সামাজিক মর্যাদাহীন, অবহেলিত, অর্ধাহারে, অনাহারে, বেতন বিহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। অনেক প্রতিষ্ঠানের বয়স ২৫-৩০ বছর বা তারও বেশি হওয়ায় শিক্ষক-কর্মচারীগণ কোনো প্রকার বেতন-ভাতা ছাড়াই অবসরে গেছেন এবং অনেকে মৃত্যুবরণ ও করেছেন। বেতন ভাতা না পেয়ে শিক্ষক কর্মচারীদের পরিবার-পরিজন চরম অনিশ্চয়তা ও দুর্দশার মধ্যে দিনাতিপাত করছেন।

মাননীয় প্রধানমন্ত্রী,

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার সরকার জনগণের দ্বারা বারবার নির্বাচিত সরকার। তাই শুধুমাত্র শিক্ষককর্মচারীদের উপর চাপিয়ে দেয়া বৈষমাই নয় বরং সকল ক্ষেত্রে বিগত ফ্যাসিস্ট সরকারের চাপিয়ে দেয়া বৈষম্য দূর করতে আপনার সরকার বদ্ধ পরিকর।

মাননীয় প্রধানমন্ত্রী,

আপনার কাছে সকল শিক্ষক কর্মচারীদের ঐকান্তিক দাবী স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করে দীর্ঘদিনের এই অমানবিক অবস্থার অবসান ঘটাবেন। এতে শিক্ষক-কর্মচারীদের পরিবারের মুখে হাসি ফুটবে এবং আমাদের পরিবার মানবিক ও সাধারণ জীবনযাপনের সুযোগ পাবে। দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করার প্রজ্ঞাপন জারি হলে, আপনার নেতৃত্বে বৈষম্যহীন ও সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে আমরা আপনার পাশে থেকে অগ্রণী ভূমিকা পালনের অঙ্গীকার করছি।

আমাদের এক দফা দাবি:

১। সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে নন-এমপিও নামক অভিশাপ থেকে আমাদের সকল শিক্ষকদেরকে মুক্তি দেয়ার মাধ্যমে আপনার দেয়া অঙ্গীকার বাস্তবায়ন করে আপোষহীন দেশনেত্রী, বাংলাদেশের সফল ও সার্থক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণের কাজটি সফল বাস্তবায়ন ঘটিয়ে তার স্বপ্ন পূরণের পথ সুগম করা হোক।

অতএব, জনস্বার্থে ও মানবিক কারণে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে আপনার নির্বাহী আদেশে এমপিওভুক্তির প্রজ্ঞাপন প্রকাশ করে শিক্ষকদেরকে দেয়া আপনার প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি কামনা করছি।

পাবনা জেলার স্বীকৃতি প্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্তির জন্য স্মারকলিপি প্রদান করেন।

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ