মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মির্জাগঞ্জের বাবা-ছেলেসহ নিহত ৩ চিকিৎসা ও দোকানের মালামাল কিনতে ঢাকায় যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মির্জাগঞ্জের বাবা-ছেলেসহ নিহত ৩ চিকিৎসা ও দোকানের মালামাল কিনতে ঢাকায় যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা
ছবিঃ মোঃ জাকির হোসেন গাজী

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী আবু জাফর মৃধা (৫৫) ও তাঁর ছেলে মির্জাগঞ্জ আইডিয়াল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আনিক মৃধা (১৪) মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশেরকান্দি পুনর্বাসন কেন্দ্রসংলগ্ন মাদবরের কান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আবু জাফর মৃধা মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি শিবচর উপজেলার সুদৃশ্য নানু শপিং কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে একটি গার্মেন্টসের দোকান পরিচালনা করে আসছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ছেলে আনিককে সঙ্গে নিয়ে হানিফ পরিবহনের একটি বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন আবু জাফর মৃধা। ছেলের চিকিৎসা এবং দোকানের মালামাল কেনার উদ্দেশ্যেই তারা ঢাকায় যাচ্ছিলেন।

পথিমধ্যে মাদারীপুরের শিবচর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে পালকি পরিবহনের একটি বাসের চাকা পাংচার হওয়ায় চালক ও হেলপার সেটি মেরামতের কাজ করছিলেন। এ সময় বরগুনা থেকে ঢাকাগামী দ্রুতগতির হানিফ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পালকি পরিবহনের বাসটিকে সজোরে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই বাসের সামনের ও পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই বাবা-ছেলেসহ তিনজন নিহত হন। এ সময় অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিনজনের মধ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জের বাবা-ছেলেও রয়েছেন। এদিকে মির্জাগঞ্জ ও নানু শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের মধ্যে বাবা-ছেলের এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। নানু শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী ও উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নানু মৃধা শোক প্রকাশ করে বলেন, আবু জাফর মৃধা দীর্ঘদিন ধরে তাঁদের মার্কেটে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছিলেন। ছেলের চিকিৎসা ও দোকানের মালামাল কেনার উদ্দেশ্যে ঢাকার পথে রওনা হয়ে এভাবে তাঁর মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কষ্টের।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী