পায়রা সেতুতে তরুণ-তরুণীকে হেনস্তা ও টাকা আদায়ের অভিযোগ, সাংবাদিককে ধাওয়া
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীতে পায়রা সেতুতে ঘুরতে আসা এক তরুণ-তরুণীকে ঘিরে হেনস্তা ও জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ উঠেছে একদল কিশোরের বিরুদ্ধে। এ সময় ঘটনার প্রতিবাদ করতে গেলে এক সাংবাদিককেও ধাওয়া করার অভিযোগ পাওয়া গেছে। পরে ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পায়রা সেতুর ওপর এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোহাম্মদ আসাদ জানান, তিনি সুবিদখালী থেকে পায়রা সেতুতে ঘুরতে আসেন। সেতুর ওপর পৌঁছানোর পর ১৫-১৬ জন কিশোরের একটি দল তাদের ঘিরে ধরে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তাদের কাছ থেকে জোরপূর্বক ২০০ টাকা নেওয়া হয়। টাকা না দিলে সেতুর নিচে নিয়ে কান ধরে উঠবস করানোর হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
আসাদের অভিযোগ, রায়হান শরীফ নামে এক কিশোর তাকে বেশি হেনস্তা করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানান, তিনি মোটরসাইকেলে যাওয়ার সময় কিশোরদের ওই তরুণ-তরুণীকে ঘিরে রাখতে দেখেন। বিষয়টি দেখে ছবি তুলতে গেলে কিশোররা তাকে ধাওয়া করে। পরে নিরাপদ স্থানে গিয়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।
খবর পেয়ে দুমকি থানার এসআই সুমন ঘটনাস্থলে পৌঁছালে কিশোররা সেখান থেকে পালিয়ে যায়। দুমকি থানা পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশ সোচ্চার রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পায়রা সেতু পটুয়াখালীর অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হওয়ায় সেখানে দর্শনার্থীদের হেনস্তার এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ জাকির হোসেন গাজী