শফিপুরে আনসার-ভিডিপি কর্মকর্তাদের ‘কমান্ড, লিডারশিপ ও ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণের উদ্বোধন
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও আধুনিক ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধিতে গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে শুরু হয়েছে ১৪ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স। রোববার ৪ অক্টোবর সকাল সাড়ে ৮টায় সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে ‘কমান্ড, লিডারশিপ ও ম্যানেজমেন্ট’ শীর্ষক এই বিশেষায়িত কোর্সের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের বিশেষ পরিকল্পনায় প্রবর্তিত এই প্রশিক্ষণ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। কর্মকর্তাদের নেতৃত্ব বিকাশ ও দূরদর্শিতা অর্জনের ক্ষেত্রে এ কোর্সটিকে বাহিনীর একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ। আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিচালক মোঃ সাইফুল্লাহ রাসেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে বাহিনী প্রধান প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, "অধীনস্থ সদস্যদের সফল ভাবে নেতৃত্ব প্রদানের পূর্বশর্ত হলো তাদের সকল ব্যবস্থাপনায় নিজেকে সরাসরি সম্পৃক্ত ও নিবেদিত করা। একই সাথে তিনি প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা করার আহ্বান জানান, যা অধীনস্থদের জন্য অনুকরণীয় হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফখরুল আহসান ও আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, নব-সংযোজিত নেতৃত্ব দর্শন কেন্দ্রিক এ কোর্সের আধুনিক কারিকুলাম ও অভিজ্ঞ বক্তাদের দিক নির্দেশনা আগামী দিনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও দক্ষ, দূরদর্শী ও জনসেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান