কুমিল্লার সদর দক্ষিণে ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষ: রেলক্রসিংয়ের অনিরাপদ ব্যবস্থার বলি কলেজছাত্র জিহাদ
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একটি অরক্ষিত রেলক্রসিং যেন মরণফাঁদে পরিণত হয়েছে। এখানে নেই কোনো গেটম্যান, নেই ন্যূনতম কোনো নিরাপত্তাব্যবস্থা বা সিগন্যাল বাতি। আর এই চরম গাফিলতি ও কর্তৃপক্ষের উদাসীনতার মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার রতনপুরের চানগাঁও এলাকার এই অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় জিহাদুল ইসলাম (৩৫) নামের এক উদীয়মান যুবক ও কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জিহাদুল ইসলাম ছোট শরীফপুর ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি হেকিম লিমিটেড কোম্পানির লালমাই উপজেলার এরিয়া ফিল্ড অফিসার হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, রতনপুরের চানগাঁও এলাকার ওই রেলক্রসিংটিতে দীর্ঘদিন ধরে কোনো গেটম্যান বা গতিরোধক কিংবা কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়নি। প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ পথ দিয়ে শত শত মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, মোটরসাইকেল এবং বিভিন্ন যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার করে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা রেলওয়ে বিভাগ এখানে কোনো স্থায়ী গেটম্যান বা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে প্রায়শই এখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং অকালেই ঝরে যাচ্ছে তাজা প্রাণ। স্থানীয়দের দাবি, দ্রুত এই ঝুঁকিপূর্ণ রেলক্রসিংগুলোতে গেটম্যান নিয়োগ ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করলে আরও বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, ওই রেলক্রসিংটিতে কোনো গেটম্যান বা সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা না থাকার কারণেই মূলত এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে কুমিল্লা স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, "উক্ত রেলক্রসিংটি দিয়ে এলাকাবাসীকে সম্পূর্ণ নিজ দায়িত্বে পারাপার হতে হয়, কারণ সেখানে রেলওয়ের কোনো দায়িত্বপ্রাপ্ত লোকবল নেই। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং জননিরাপত্তার স্বার্থে এটি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত কথা বলা হবে। দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল।"
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ