পটুয়াখালীর মির্জাগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপিত
দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:
ঝুঁকি হ্রাস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহ্যবাহী সুবিদখালী সরকারি র.ই পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বিশেষ সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ রাসেল মহোদয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জনাব ইলিয়াস।
আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া প্রদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, ৪ নং দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আনোয়ার খান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোখলেছুর রহমান এবং সেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম। এছাড়াও শিক্ষাবিদদের মধ্যে উপস্থিত ছিলেন সুবিদখালী সরকারি র.ই পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিজামউদ্দিন ও সাইফুল ইসলাম সুমন। স্থানীয় গণমাধ্যমের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব এ.কে.এম আলামিন প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম মজলিস সাংবাদিক আমিনুল ইসলাম শামীমসহ অন্যান্য সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার ও কর্মীদের জীবন্ত মহড়া। ফায়ার সার্ভিসের টিম বিদ্যালয় মাঠে উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয়দের বাস্তবভিত্তিক বেশ কিছু জীবন রক্ষাকারী কৌশল প্রদর্শন করে। গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণ রান্নার গ্যাস সিলিন্ডারে হঠাৎ আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কীভাবে ভিজা চট, বস্তা বা হাতের কাছে থাকা সামগ্রী দিয়ে দ্রুত আগুন নেভানো যায় তার বাস্তব প্রদর্শন। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে করণীয় হঠাৎ বন্যা বা প্লাবন দেখা দিলে জীবন ও সম্পদ রক্ষায় তাৎক্ষণিক কী কী পদক্ষেপ নিতে হবে, এবং উদ্ধার তৎপরতা কীভাবে চালাতে হয় সে বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শেখ রাসেল বলেন, "প্রাকৃতিক দুর্যোগ রোধ করা সম্ভব নয়, তবে পূর্বপ্রস্তুতি ও সঠিক সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। ফায়ার সার্ভিসের এই বাস্তবভিত্তিক প্রশিক্ষণ শিক্ষার্থী ও স্থানীয়দের দুর্যোগকালীন সময়ে আত্মবিশ্বাসের সাথে মোকাবিলা করতে সাহায্য করবে।" মহড়ায় সরকারি র.ই পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় উৎসুক জনতা অত্যন্ত উৎসাহের সাথে অংশ নেন এবং দুর্যোগ মোকাবিলার বিভিন্ন উপায় শিখেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন