বুড়িচংয়ে নারকেল দাম বেশী হলেও দুর্গাপূজাকে ঘিরে বেড়েছে বিক্রয়
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমিল্লার বুড়িচংয়ে বেড়েছে নারিকেলের চাহিদা ও বিক্রি। দাম গত বছরের তুলনায় বেশি হলেও পূজার নানা আয়োজন ও অতিথি আপ্যায়নের জন্য নারিকেল কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। নারিকেলের পাশাপাশি বেড়েছে তিল ও গুড়ের চাহিদাও। শনিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়,বিভিন্ন আকারের নারিকেল সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। দোকানগুলোতে নারী-পুরুষ উভয় ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মতো। পছন্দের নারিকেল কিনতে ক্রেতাদের দরদাম করতেও দেখা যায়। ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, বাজারে ছোট আকারের নারিকেল প্রতি জোড়া ১৫০ টাকা,মাঝারি আকারের প্রতি জোড়া ২০০ টাকা এবং বড় আকারের নারিকেল প্রতি জোড়া ২৪০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা দিলীপ কুমার বলেন, “নারিকেল ছাড়া পূজার কথা ভাবাই যায় না। চার জোড়া নারিকেল কিনেছি। গত বছরের তুলনায় এবার দাম অনেক বেশি।” নারিকেল ব্যবসায়ী স্বপন ও শ্রী সুব্রত সাহা বলেন, সারা বছর কমবেশি নারিকেল বিক্রি হলেও দুর্গাপূজার সময় বিক্রি অনেক বেড়ে যায়। এবারও ভালো বিক্রির আশা করছেন তাঁরা। ব্যবসায়ীরা আরও জানান, ডাবের দাম বেড়ে যাওয়ায় মোকাম থেকে তাঁদের বেশি দামে নারিকেল কিনতে হচ্ছে। ফলে খুচরা বাজারেও দাম বেড়েছে। এতে ক্রেতাদের চাহিদা কিছুটা কমেছে। আগে যেসব ক্রেতা পূজা উপলক্ষে ১২ জোড়া নারিকেল কিনতেন, তাঁদের কেউ কেউ এখন ছয় জোড়া কিনছেন। দুর্গাপূজায় নারিকেলের নাড়ু, পায়েশসহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরির প্রচলন রয়েছে। পাশাপাশি অতিথি আপ্যায়নেও নারিকেল ও তিলের তৈরি নাড়ুর বিশেষ কদর রয়েছে। এসব কারণে পূজার সময় নারিকেল, তিল ও গুড়ের চাহিদা বাড়ে। উপজেলা সূত্রে জানা গেছে, বুড়িচং ৮ টি ইউনিয়ন ১ পৌরসভা এবার ৪৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ