নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বৃদ্ধ স্বামীর ভিটেবাড়ি লিখে নিয়ে পরকীয়া ও নির্যাতনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে!

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বৃদ্ধ স্বামীর ভিটেবাড়ি লিখে নিয়ে পরকীয়া ও নির্যাতনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে!
ছবিঃ এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হলুদ্যাশিয়া এলাকায় এক বৃদ্ধ স্বামীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে তাঁর স্ত্রী কাজী ইয়াসমিন আক্তারের বিরুদ্ধে। যেকোনো মুহূর্তে সেখানে একটি বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা। ভুক্তভোগী বৃদ্ধ মো. ফরিদুল্লাহ (পিতা: মৃত আলী আকবর) জানান, তিনি নিজের ভিটেবাড়িটি স্ত্রী কাজী ইয়াসমিন আক্তারের নামে লিখে দিয়েছিলেন। বাড়িটি স্ত্রীর নামে হওয়ার পর থেকেই একটি কুচক্রী মহলের প্ররোচনায় তিনি পাল্টে যান। স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি পরকীয়া প্রেমের টানে বৃদ্ধ স্বামীকে মারধরসহ নানাভাবে নির্যাতন করে আসছেন এবং ইতিমধ্যে তালাক বা ডিভোর্সনামা দিয়েছেন। ডিভোর্সের বিষয়ে জানতে চাইলে কাজী ইয়াসমিন আক্তার জানান, তিনি মেম্বারের হাতে ডিভোর্স পেপার দিয়েছেন।

অন্যদিকে স্থানীয় সালিশ বৈঠকে ইয়াসমিন আক্তার দাবি করেছেন, এই ভিটেবাড়ি আমার স্বামী আমার নামে দলিল করে দিয়েছেন, তাই এই বাড়ি-ঘর আমার। কান্নাজড়িত কণ্ঠে অসুস্থ ও শয্যাশায়ী মো. ফরিদুল্লাহ বলেন, আমি অসুস্থ, এই বৃদ্ধ বয়সে আমি আমার বাড়ি ছেড়ে কোথায় যাব? আমাকে দেখার কেউ নেই, আমি একা বিছানায় শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি। আমি মরার পরে আমার স্ত্রী ভিটেবাড়ি বিক্রি করে দিলে আমার কোনো আপত্তি নেই; কিন্তু আমার ৮ বছরের কন্যাসন্তানটির কী হবে? তিনি আরও অভিযোগ করেন, আব্দুল গনি ও সেলিনা আক্তারের মতো কিছু কুচক্রী লোক তাঁর স্ত্রীকে ভুলভাল বুঝিয়ে এই সর্বনাশ ডেকে এনেছে।

এই পারিবারিক ও সামাজিক সংকটের বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বেশ কয়েকবার সালিশি বৈঠকে বসেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন—ছৌয়দ নুর কারবারি, সাবেক আজিম মেম্বার, বর্তমান মেম্বার নুর মোহাম্মদ পুতন, মনজুর আলম, মো. নুর, জাহেদুল আলম রুবেল, হাফেজ ফারুক, আবু ছিদ্দিক, মোহাম্মদ সফি। স্থানীয়রা এই বৃদ্ধ ও তাঁর অবুঝ সন্তানের ভবিষ্যৎ রক্ষায় এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত একটি ন্যায়সংগত সমাধানের দাবি জানিয়েছেন।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি